ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব মতলব (ডুসাম)-এর উদ্যোগে আগামীতে অনুষ্ঠিতব্য “উচ্চ শিক্ষা সেমিনার” উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় ব্যাপক ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে ডুসামের প্রতিনিধি দল নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে উচ্চশিক্ষার গুরুত্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা আসন্ন সেমিনার সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রকাশ করে এবং অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করে।
ক্যাম্পেইনের সময় সংশ্লিষ্ট প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারগণ ডুসামের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাঁরা সংগঠনের এমন শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
একদিনের এই কর্মসূচিতে মোট পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সফলভাবে ক্যাম্পেইন পরিচালিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো—
কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা
কালিকাপুর হাই স্কুল
নারায়ণপুর হাই স্কুল
নারায়ণপুর গার্লস স্কুল
ঘিলাতলী এস. কে. ইউ. ফাজিল মাদ্রাসা
নারায়ণপুর ইউনিয়নের আশপাশে অবস্থিত আরও ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে ক্যাম্পেইন পরিচালনা করা হবে। সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও উচ্চ শিক্ষা সেমিনারের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হবে, যাতে অধিকসংখ্যক শিক্ষার্থী এ আয়োজন থেকে উপকৃত হতে পারে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “উচ্চ শিক্ষা সেমিনার”-এর মূল উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং তাদের স্বপ্নপূরণে বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান।
ডুসাম আশা প্রকাশ করেছে, আগামীতে অনুষ্ঠিতব্য এই সেমিনারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল হবে এবং মতলবের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

